নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৮ এএম

সংগৃহীত ছবি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ইতিহাস গড়েছে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। জ্যামাইকা কিংসমেনের দেওয়া ১৭১ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে প্রথমবারের মতো সিপিএলের শিরোপা জিতেছে তারা। একই সঙ্গে ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে এন্টিগা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে জ্যামাইকা। ৩০ রানের মধ্যেই ২ উইকেট হারায় তারা। এরপর সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন মাজ সাদাকাত। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৮০ রানের জুটি।
সাইম ২৯ রানে ফিরলে আবারও বিপদে পড়ে জ্যামাইকা। একপর্যায়ে ১২৭ রানে ৭ উইকেট হারানো দলটিকে লড়াইয়ের পুঁজি এনে দেন সাদাকাত।
মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাদাকাত। ইনিংসের শেষের আগের বলে আউট হন তিনি। তাঁর বাইরে জ্যামাইকার আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১২ রান।
এন্টিগার হয়ে বল হাতে ঝড় তোলেন পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।
১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে এন্টিগা। রাকিম কর্নওয়াল প্রথম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২০ রান করেন। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা।
এরপর এভিন লুইস ও এএ জাঙ্গু ৬৪ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। লুইস ৩৮ রানে ফিরলেও থামেনি এন্টিগার ব্যাটিং দাপট।
জাঙ্গুর সঙ্গে যোগ দেন হাসান নওয়াজ। দুজনের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে ম্যাচ দ্রুতই এন্টিগার নিয়ন্ত্রণে চলে যায়। জাঙ্গু ৩৪ বলে ৫৭ এবং নওয়াজ ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।
১৭তম ওভারের চতুর্থ বলে নওয়াজ ছক্কা হাঁকিয়ে এন্টিগার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ১৭৩ রান তুলে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সুফিয়ান মুকিম। আর পুরো আসরে ১৩২ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হয়েছেন পাকিস্তানের শাদাব খান।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত