সর্বশেষ
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৯৯ গাজায় যুদ্ধাহতদের চিকিৎসা দিয়ে আলোচনায়, এবার মার্কিন কংগ্রেসে আদম হামাওয়ি কানাডায় পিআর প্রত্যাশীদের জন্য সুখবর, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ সিআরএস পয়েন্ট ইরানে নতুন হামলার পথে ট্রাম্প, নাকি কংগ্রেসের চাপে থামবে যুদ্ধ? মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক, কংগ্রেসে ইতিহাস গড়লেন একাধিক প্রার্থী মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বার্তা নিয়ে নাসিরনগরে কমিউনিটি সভা ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়িতে মিলল ২৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ ও পূজায় ২ দিনের ছুটি

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক, কংগ্রেসে ইতিহাস গড়লেন একাধিক প্রার্থী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | ১১:৩৩ এএম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক, কংগ্রেসে ইতিহাস গড়লেন একাধিক প্রার্থী

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাজিমাত করেছেন মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় ইসলামবিদ্বেষী বক্তব্য ও নানা বিরোধিতার মুখেও অন্তত সাতজন মুসলিম প্রার্থী কংগ্রেসে জয় পেয়েছেন। শুধু কংগ্রেস নয়, বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভাতেও জয় পেয়েছেন একাধিক মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থী।

এ নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাঈদ। মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েন ৪২ বছর বয়সী চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আল-সাঈদ।

নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কার, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পাশাপাশি ইসরায়েল ও মিশরে ওয়াশিংটনের সামরিক সহায়তার কঠোর সমালোচনা করেন। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বিরোধীদের তোলা অভিযোগও সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ আরব’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসে নির্বাচিত সাত মুসলিম প্রার্থীর মধ্যে একজন সিনেটে এবং ছয়জন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) জয় পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভাতেও সাফল্য পেয়েছেন বেশ কয়েকজন মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থী।

নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে হারিয়ে জয়ী হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী ডা. অ্যাডাম হামাওয়ি। রাজ্যটি থেকে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন মার্কিন সেনাবাহিনীর সাবেক এই শল্যচিকিৎসক। স্বেচ্ছাসেবী হিসেবে গাজায় ইসরায়েলি হামলায় আহত অসংখ্য ফিলিস্তিনি শিশুকে চিকিৎসা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন তিনি।

প্রতিনিধি পরিষদে নিজেদের অবস্থান ধরে রেখেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাশিদা তলাইব ও সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাট ইলহান ওমর। রাশিদা মিশিগানের ১২তম আসন থেকে এবং ইলহান মিনেসোটার ৫ম আসন থেকে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার তাঁরা।

নিউইয়র্কের ১৩তম ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের জয়ও নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তিনি কংগ্রেসে প্রথম লাতিনা মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ইন্ডিয়ানার ৭ম আসন থেকে আন্দ্রে কারসন এবং ক্যালিফোর্নিয়ার ১২তম আসন থেকে লতিফা সাইমন প্রতিনিধি পরিষদে নিজেদের আসন ধরে রেখেছেন।

জাতীয় কংগ্রেসের পাশাপাশি অঙ্গরাজ্যগুলোর আইনসভাতেও মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীদের জয় অব্যাহত রয়েছে। নিউইয়র্কের ১২তম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট থেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত সংগঠক আবের কাওয়াস এবং মিশিগানের ২য় স্টেট সিনেট আসন থেকে লেবানিজ বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আব্বাস আলাউই জয় পেয়েছেন।

অন্যদিকে, ইলিনয়ের ২৬তম স্টেট সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী ডার্বি হিলসকে পরাজিত করে আসনটি ডেমোক্র্যাটদের দখলে এনেছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ।

এ ছাড়া কলোরাডোতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইমান জোদেহ এবং জর্জিয়ায় রুয়া রোমান নিজ নিজ আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। টেক্সাসে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত দুই আইনপ্রণেতা সালমান ভোজানি ও সুলেমান লালানি।

অন্যদিকে, ইলিনয় থেকে নির্বাচিত আরব-আমেরিকান রিপাবলিকান প্রার্থী ড্যারিন লাহুডও মার্কিন প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com