ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ৬:৩৮ পিএম

২০২৭ সালে সরকারি ছুটির তালিকায় পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি রাখা হয়েছে। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটির কারণে কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।
মন্ত্রিসভায় অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের তিন দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) পড়েছে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ নির্বাহী আদেশে মোট চার দিন ছুটি থাকবে। সাধারণ ছুটি মিলিয়ে ঈদুল ফিতরে মোট ছুটি হবে পাঁচ দিন।
অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিনসহ নির্বাহী আদেশে পাঁচ দিন ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট ছুটি হবে ছয় দিন।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে দুর্গাপূজায় মোট দুই দিন ছুটি পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত