নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ১২:৩৭ পিএম

পটুয়াখালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় অন্তত ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষ মারা গেছে। শুক্রবার বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ মহিষগুলোর চিকিৎসা শুরু করেন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই মহিষগুলো অসুস্থ ও কয়েকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।
স্থানীয় ও মহিষ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো রাখালেরা শতাধিক মহিষ নিয়ে লালচরে ঘাস খাওয়াতে যান। পরে মহিষগুলো ঘাস খেয়ে গোয়ালঘরে ফেরার পর একে একে অসুস্থ হতে শুরু করে। কয়েকটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়।
মহিষ মালিকদের অভিযোগ, দুর্বৃত্তরা চরের ঘাসে বিষ প্রয়োগ করে থাকতে পারে। ওই ঘাস খাওয়ার পরই ৩০টির বেশি মহিষ অসুস্থ হয়ে পড়ে। মৃত মহিষগুলোর মধ্যে রফিজ মৃধা, সুমন মাঝি ও রুহুল আমিনের একটি করে মহিষ রয়েছে। অসুস্থ মহিষগুলোর কয়েকটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালিকেরা।
উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকটি মহিষ মারা যায়। বর্তমানে অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার বলেন, ঘাস খাওয়ার কারণে মহিষগুলো অসুস্থ হতে পারে। আবার কৃত্রিমভাবেও বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রকৃত কারণ ও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত