ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ১১:২৫ এএম

সংগৃহীত ছবি
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। রবিবার সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট ও নেপাল নিউজ এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকারীরা বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৭৩৪টি মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে চিতাওয়ানে সর্বোচ্চ ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এরপর সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে পূর্ব নাওয়ালপারাসিতে। সেখানে পাওয়া গেছে ১৮৪টি মরদেহ। তৃতীয় সর্বোচ্চ ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে পশ্চিম নাওয়ালপারাসিতে। এছাড়া গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাধলিংয়ে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়া থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতদের মধ্যে ২৪২ জন চিকিৎসাধীন রয়েছেন অথবা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
নেপাল নিউজ জানায়, এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তা সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী ২ হাজার ৯৭৪ জন, নেপাল পুলিশ ২ হাজার ৬৯৯ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনী ২ হাজার ৫১৩ জনকে উদ্ধার করেছে।
হেলিকপ্টার অভিযানের মাধ্যমে জলবিদ্যুৎ টানেল থেকে ২৭৯ জন শ্রমিক এবং ২২৭ জন বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। ৩৭টি ট্রাক ও ৭টি হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষায়িত সার্জিক্যাল মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারগুলোর মাধ্যমে নগদ সহায়তা বিতরণও শুরু হয়েছে।
তবে এখনো প্রায় তিন হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিখোঁজদের তালিকায় সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত