ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | ৫:০৯ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাস ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে অ্যাবটাবাদ জেলার হাভেলিয়ান ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানায়, বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথে বাসটির একটি টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটির সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ ও জরুরি চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে সাতটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী যান পাঠায় রেসকিউ ১১২২।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহত ৩০ জনের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য আইয়ুব মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, গুরুতর আহতদের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে বৃহস্পতিবার পাকপত্তনের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং ৩৩ জন আহত হন। এছাড়া গত সপ্তাহে পাঞ্জাবের হাফিজাবাদ জেলায় একটি যাত্রীবাহী বাস ড্রেনে পড়ে অন্তত পাঁচজন নিহত ও ২৭ জন আহত হন।
সূত্র: ডন ও সিনহুয়া।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত