ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | ৬:২৯ পিএম

ভারতের পাঞ্জাব রাজ্যে অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লেগেছে। শুক্রবার সরাই বানজারা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পর পঞ্চম বগিতে প্রথম আগুন দেখা যায়। পরে আগুন পাশের আরও তিনটি বগিতে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ঘটনার ভিডিওতে ট্রেনের কয়েকটি বগি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। খবর পেয়ে রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
জানা গেছে, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটিতে বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুন লাগে। স্টেশনটি একটি গ্রামের পাশে অবস্থিত এবং রাজপুরা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্যও জানা যায়নি।
সূত্র: এনডিটিভি





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত