ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৬ পিএম

ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে ছিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। তখন স্বাগতিক স্পোর্টিং কানসাস সিটির জয়টা যেন সময়ের অপেক্ষা। কিন্তু এরপর মাত্র ৯ মিনিটের ঝড়ে পুরো ম্যাচের চিত্রই পাল্টে গেল। একের পর এক গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিল ফিলাডেলফিয়া।
এই জয়ে টানা পঞ্চম জয় পেল ইউনিয়ন। দারুণ এই প্রত্যাবর্তনে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাভান সুলিভান। একটি গোল করার পাশাপাশি সতীর্থ ব্রুনো দামিয়ানির গোলেও অ্যাসিস্ট করেছেন তিনি।
ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় কানসাস সিটি। ম্যাচের ৫ম ও ১০ম মিনিটে জোড়া গোল করেন আন্দ্রে লুইজ। এরপর ১৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ওয়াট মেয়ার।
মাত্র ১৬ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কানসাস। এরপর ৬৪ মিনিট পর্যন্ত ফিলাডেলফিয়ার জালে আর কোনো গোল না হলেও নিজেদের গোলপোস্ট অক্ষত রাখে তারা।
তবে ৬৪ মিনিটে ব্রুনো দামিয়ানির গোলে শুরু হয় ফিলাডেলফিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প। মাত্র দুই মিনিট পর ব্যবধান ৩-২ করেন কাভান সুলিভান। দামিয়ানির গোলেও অ্যাসিস্ট ছিল এই তরুণের।
এরপর আরও দুই মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় ফিলাডেলফিয়া। ৬৮ মিনিটে মিলান ইলোস্কির গোলে স্কোরলাইন হয় ৩-৩। আর ৭৩ মিনিটে কানসাসের ডিফেন্ডার জোরান বাসংয়ের আত্মঘাতী গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ইউনিয়ন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিয়েই মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া।
এই ম্যাচে আবারও আলো ছড়িয়েছেন কাভান সুলিভান। সবশেষ ছয় ম্যাচে ছয় গোল করেছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের জন্য প্রথমবার ডাক পাওয়ার মাত্র এক দিন পরই এমন পারফরম্যান্স উপহার দিলেন তিনি।
অবিশ্বাস্য এই জয়ের মাধ্যমে টানা পাঁচ ম্যাচে জয় পেল ফিলাডেলফিয়া। শেষ ১১ লিগ ম্যাচে অপরাজিত দলটি জিতেছে ৯ ম্যাচে, ড্র করেছে ২টি। এই পাঁচ ম্যাচের জয়ের পথে তারা করেছে ১৯ গোল; এর মধ্যে শেষ তিন ম্যাচেই এসেছে ১৪ গোল।
২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ অবস্থানে রয়েছে কাভান সুলিভানের দল।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত