নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ৪:০৮ পিএম

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে.আর পরিবহনের বাসটি। ভবুকদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। সংঘর্ষের পর ট্রাকটিও সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ট্রাকটি সড়কের ওপর উল্টে থাকায় দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিপরীতমুখী যানবাহনের অসতর্ক চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত