ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৫ এএম

সংগৃহীত ছবি
পাকিস্তানি নৌবাহিনীর একটি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌযানের ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতের একটি সামনের সারির যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে আসে পাকিস্তানি একটি নৌযান।
ভারতীয় সূত্রের দাবি, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি নৌযানটি ভারতীয় যুদ্ধজাহাজটির খুব কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করে। পরে অনিরাপদভাবে দিক পরিবর্তন করতে থাকলে একপর্যায়ে দুই নৌযানের সংঘর্ষ হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে দুর্ঘটনায় জড়িত দুই জাহাজকেই ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট নৌযান দুটির সুনির্দিষ্ট পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ভারতীয় সূত্রগুলো বলছে, পাকিস্তানের হুনাইন শ্রেণির একটি করভেটের সঙ্গে ভারতের একটি সামনের সারির যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়ে থাকতে পারে। ঘটনার সময় সাগরও উত্তাল ছিল। এমন পরিস্থিতিতে পাকিস্তানি নৌযানের গতি ও দিক পরিবর্তনের ধরনকে অনিরাপদ ও অপেশাদার বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।
ভারতের অভিযোগ, পাকিস্তানি নৌযানের এ আচরণ ১৯৯১ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর ধারার লঙ্ঘন। ওই চুক্তিতে সামরিক মহড়া, সামরিক কৌশল এবং সেনা চলাচলসংক্রান্ত বিষয়ে আগাম তথ্য দেওয়ার বিধান রয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিবাদ তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক ইউনিটগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের বিদ্যমান চুক্তির বিধান মেনে চলার প্রয়োজনীয়তার কথাও জানানো হয়েছে।
সাদ আহমেদ ওয়ারাইচকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনপথ কার্যালয়ে তলব করা হয়। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। ভারতের প্রতিবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সূত্রের দাবি, দুই দেশের নৌবাহিনীর মধ্যে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ ও ভারতের যুদ্ধজাহাজ ‘গোদাবরী’র মধ্যেও একই ধরনের ঘটনা ঘটেছিল।
সূত্র: এনডিটিভি ও রয়টার্স



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত