নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত