ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬ | ১১:৪৮ এএম

অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরান যাতে ফের পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে, সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
ভ্যান্স বলেন, ইরানকে সিদ্ধান্ত নিতে হবে—তারা অর্থনৈতিক চাপের মধ্যে থাকতে চায়, নাকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই তেল পরিবহণ পথকে অস্ত্র হিসেবে ব্যবহারের সময় ইরানের শেষ হয়েছে। জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি নিরাপদ ও নির্বিঘ্ন রাখা জরুরি। একই সঙ্গে এই জলপথের ওপর ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণও আর নেই বলে দাবি করেন তিনি।
এদিকে ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।
বেসেন্ট বলেন, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন নাও হতে পারে। ‘কাইনেটিক’ শব্দটি ব্যবহার করে তিনি সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বোঝান।
আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।
সূত্র: সামাটিভি



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত