সর্বশেষ
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, থাকবেন তারেক রহমান মাদক পাচারের অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার ইসরায়েলের বসতি পরিকল্পনায় পশ্চিমাদের তীব্র নিন্দা, বাতিলের আহ্বান নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান অর্থনৈতিক চাপেই ইরান চুক্তিতে বাধ্য হবে: জেডি ভ্যান্স রাজবাড়ীতে রোগীর মৃত্যুর অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি পশ্চিম তীরে ১,২০০ বসতি নির্মাণের উদ্যোগ, ইসরায়েলকে সতর্ক করল পশ্চিমা দেশগুলো ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহত ৭৫৭, পেন্টাগনের তথ্যে অস্বস্তি সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ

ইসরায়েলের বসতি পরিকল্পনায় পশ্চিমাদের তীব্র নিন্দা, বাতিলের আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬ | ১২:৪৫ পিএম

ইসরায়েলের বসতি পরিকল্পনায় পশ্চিমাদের তীব্র নিন্দা, বাতিলের আহ্বান

অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ই-ওয়ান এলাকায় প্রায় ১ হাজার ২০০ নতুন বসতি নির্মাণের জন্য ইসরায়েলের দরপত্র আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও কানাডা।

এক যৌথ বিবৃতিতে দেশগুলো ইসরায়েলের এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

ই-ওয়ান এলাকায় বসতি নির্মাণ হলে পশ্চিম তীর ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ফলে স্বাধীন ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যৌথ বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে যখন চরম অস্থিতিশীলতা বিরাজ করছে এবং ফিলিস্তিনি বেসামরিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ছে, তখন এমন সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের একতরফা পদক্ষেপ শান্তির সম্ভাবনাকে আরও দূরে সরিয়ে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করবে।

জাতিসংঘের মহাসচিবও ই-ওয়ান প্রকল্পকে অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরাসরি হুমকি হিসেবে সতর্ক করেছেন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন।

আন্তর্জাতিক বিরোধিতা ও আইনি চ্যালেঞ্জের মধ্যেই ইসরায়েলের আবাসন মন্ত্রণালয় গত বছর অনুমোদিত ৩ হাজার ৪০১টি বসতি ইউনিটের মধ্যে ১ হাজার ২৩৪টির জন্য দরপত্র আহ্বান করেছে। পূর্ব জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকায় এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্প ঘোষণার সময় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ দাবি করেছিলেন, এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কার্যত সমাধিস্থ করা হচ্ছে।

দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে, যা ইসরায়েলের ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে। ফলে নির্বাচনের পর সরকার পরিবর্তন হলেও প্রকল্পটি বাতিল করা কঠিন হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েল প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে। এসব এলাকায় প্রায় ৭ লাখ ইসরায়েলি বসবাস করছেন। অন্যদিকে একই অঞ্চলে প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনির বসবাস।

বিশেষ করে ২০২২ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর বসতি সম্প্রসারণের গতি আরও বেড়েছে। ই-ওয়ান প্রকল্পের বিরোধীদের আশঙ্কা, এটি বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে একটি অখণ্ড ফিলিস্তিনি নগর অঞ্চল গঠনের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: বিবিসি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com